
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম রেলব্রিজ সংলগ্ন গ্রীনভিউ ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমিতে এক বিশেষ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৮ই মার্চ, বুধবার বিকেলে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই নান্দনিক আয়োজনটি সম্পন্ন হয়।
গ্রীস প্রবাসী ও সলিলদিয়া সেবা ফাউন্ডেশনের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং আসন্ন ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী লিটন বেপারীর বিশেষ উদ্যোগে ও মালীগ্রাম ব্লাড ডোনার এসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
বুধবারের এই ইফতার মাহফিলে ছিল রুচি ও আন্তরিকতার বহিঃপ্রকাশ। ইফতারের দস্তরখানে সাজানো ছিল হরেক রকমের দেশি-বিদেশি ফল এবং বিশেষ স্বাদের চমৎকার সব শরবত, যা আগত অতিথিদের মাঝে বাড়তি তৃপ্তি যোগায়। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক যুব সমাজের উপস্থিতি এক মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক লিটন বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল করিম এবং সামর্তবান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জাহিদ, মোঃ আনোয়ার, মোঃ মামুন হাওলাদারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ রফিকুল ইসলাম বলেন,লিটন বেপারী এই অনুষ্ঠানের সম্পূর্ণ স্পন্সর করেছেন এবং সবসময়ই সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। একজন প্রকৃত সমাজকর্মী হিসেবে তিনি যেভাবে আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন, তা সত্যিই প্রশংসনীয়। আমরা সমাজের সকল সামর্থ্যবান ব্যক্তিদের দেশের উন্নয়নে ও সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানাই।”
প্রধান অতিথির বক্তব্যে লিটন বেপারী তার ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবামূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। তিনি বলেন,
”আমাদের প্রধান লক্ষ্য হলো মানুষের জন্য ভালো কাজ করা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা। আমরা দীর্ঘদিন ধরে কোনো বিনিময় ছাড়াই মুমূর্ষু রোগীদের রক্ত দিয়ে জীবন বাঁচাতে সহায়তা করছি। মসজিদ, মাদ্রাসা ও স্কুলের উন্নয়নের পাশাপাশি আমরা দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার খরচ ও স্কুলের বেতন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। ভোটের চিন্তা বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে থেকে আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়তে চাই।”
ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে মালীগ্রাম ব্লাড ডোনার এসোসিয়েশনের সমৃদ্ধি এবং লিটন বেপারীর সেবামূলক কাজের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে মিলে ইফতার গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।