চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ইমামুল্লার চর গ্রামে হযরত শাহ্ সুফি শোকর আলী শাহ্ আল মাইজভাণ্ডারী (ক.)-এর ৮৩তম বার্ষিক ওরশ শরীফ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ মার্চ মঙ্গলবার বাদ এশা ওরশ শরীফ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আবুল বশর শাহ্ আল শোকরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন (এমপি)। তিনি বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে, তবেই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে।
তিনি আরও বলেন,বোয়ালখালী আমার নানার বাড়ি। এ এলাকার উন্নয়নে আমি ব্যক্তিগত ও সরকারি উভয় পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাব্বির ইকবাল, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কর্ণফুলী পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ মন্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে এমপি জসিম উদ্দিন তার নানার বাড়ির এলাকা ঘুরে দেখেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।