
নীলফামারীর ডিমলা উপজেলায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ফুড ব্যাগ বিতরণ করেছে কেয়ার অ্যান্ড সাইন ফাউন্ডেশন এবং সিএনএস বাংলা ফাউন্ডেশন। তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসুস্থ অবস্থায় থাকা পরিবারের সদস্যদের ঘরে ঘরে গিয়ে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
শুক্রবার দিনব্যাপী ভুক্তভোগীদের বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী আলমগীর হোসেন এসব ফুড ব্যাগ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। বিশেষ করে তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসুস্থ মানুষের পরিবারগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, সিএনএস বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান মাসজুড়ে ইফতার বিতরণের পাশাপাশি দেশব্যাপী ফুড বাস্কেট বিতরণ কর্মসূচি চলমান রয়েছে। প্রতিদিন পথচারীদের মাঝে ইফতার বিতরণের পাশাপাশি অসহায় ও নিম্নআয়ের পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে রমজানের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
প্রতিটি ফুড বাস্কেটে রয়েছে—৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ছোলা, ১ কেজি মুড়ি, ১ কেজি চিনি, ১ প্যাকেট লাচ্ছা ও ১ প্যাকেট দুধ।
অপরদিকে সৈয়দপুর উপজেলায় ২০টি ফুড ব্যাগ বিতরণ করা হয়েছে। ডিমলার ছোটখাতা গ্রাম এবং তিস্তাপাড়ের বার্ণিঘাট এলাকায় মোট ২১টি ফুড বাস্কেট বিতরণ করা হয়।